বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা।আহতরা হলেন মেজানি বালা (স্বামী: বিনয়), তিনি ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা এবং সাজেন, যিনি পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তিনজন গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিক চিকিৎসা শেষে আহত মেজানি বালা ও সাজেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার পর নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কে দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।