দুই বাংলার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অভিনেতা মোশাররফ করিম কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৫ জুন) রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়।ঘটনার বিবরণ দিয়ে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ফেসবুক পোস্টে লেখেন, সোমবার রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে দিয়ে স্ত্রীসহ যাচ্ছিলেন অভিনেতা মোশাররফ করিম। ওই সময় সেখানে থাকা আওয়ামী লীগের কিছু লোক মোশাররফ করিমকে লক্ষ্য করে ‘লাল বদর’ বলে গালাগালি করতে থাকে এবং তাঁর দিকে তেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা আরও কয়েকজন সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের ওপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে।”ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিফাত রশিদ তাঁর পোস্টে আরও বলেন:“ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছেন। যারা অপরাধী তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিন। অন্যথায় এটি দুই দেশের সাংস্কৃতিক (কালচারাল) অঙ্গনে ভয়ংকর সমস্যার সৃষ্টি করবে, যা আপনারা সামাল দিতে পারবেন না। কলকাতার সাথে নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেওয়ার আগেই উপযুক্ত ব্যবস্থা নিন।”কলকাতার মতো একটি ব্যস্ততম শহরে বাংলাদেশের এমন একজন গুণী অভিনেতার ওপর সস্ত্রীক হেনস্তার ঘটনায় দুই বাংলার সংস্কৃতিপ্রেমী ও সাধারণ ভক্তদের মাঝে তীব্র নিন্দার ঝড় বইছে। এ বিষয়ে এখনো মোশাররফ করিমের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।