জলঢাকায় রাস্তা নিয়ে বিরোধে যুবকের মৃত্যু
নীলফামারীর জলঢাকায় বাড়িতে যাওয়া-আসার রাস্তা নিয়ে আপন চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ শিমুলবাড়ি মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।গ্রেপ্তারকৃতরা হলেন-মীরগঞ্জ শিমুলবাড়ি মুজিবনগর এলাকার তফর উদ্দিন ওরফে তপদ্দি মাহমুদের ছেলে মাজেদুল (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) ও তার মা মোছা. তইবোন নেছা (৫০)।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাড়িতে যাওয়া-আসার রাস্তা নিয়ে কিবরিয়া ইসলামের সঙ্গে আপন চাচা ও ভাইদের বিরোধ চলছিল। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় রাস্তা নিয়ে কিবরিয়ার সঙ্গে তাদের বাগ-বিতন্ডা হয়। এসময়ে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কিবরিয়ার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।