সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হচ্ছে আজ ৮ জুন থেকে
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সব ধরনের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার (৮ জুন) থেকে শুরু হয়ে আগামী ৯ জুন (মঙ্গলবার) পর্যন্ত দুই দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে।অভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক রেল পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সশস্ত্র সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সৈয়দপুর স্টেশন এলাকা ও আশপাশের রেলভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এই বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে নির্দিষ্ট সীমানার মধ্যে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত। [TECHTARANGA-POST:6090]প্রজ্ঞাপনে আরও বলা হয়, উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সরকারি কাজে বাধা সৃষ্টির ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সৈয়দপুর স্টেশন ও এর সংলগ্ন রেলভূমি একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধ দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী স্থাপনা তৈরি করে দখল করে রাখা হয়েছিল। এর ফলে সাধারণ যাত্রীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছিল, তেমনি ট্রেন চলাচল ও সার্বিক জনসাধারণের নিরাপত্তার জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল। স্টেশন এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ অভিযান।এদিকে রেলওয়ের এই আকস্মিক উচ্ছেদ অভিযানের খবরে অবৈধ দখলদারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজ দায়িত্বে তাদের মালামাল ও দোকানপাট সরিয়ে নিতে শুরু করেছেন। তবে স্থানীয় সাধারণ মানুষ রেল কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।