পঞ্চগড়ে রথযাত্রায় সম্প্রীতির বার্তা, সব ধর্মের মানুষের সমান অধিকারের আশ্বাস প্রতিমন্ত্রীর
পঞ্চগড়, ১৬ জুলাই ২০২৬: শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন। তিনি বলেন, একজন মুসলিম যে সুযোগ-সুবিধা ও রাষ্ট্রীয় নিরাপত্তা পান, সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও একই অধিকার ভোগ করবেন।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।[TECHTARANGA-POST:6393]তিনি আরও বলেন, মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা শেষে চানপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। রথটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য ভক্ত-অনুরাগী উৎসবমুখর পরিবেশে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় এ আয়োজন সম্পন্ন হয়।