তারাগঞ্জে নিহত শিশু সানজিদার পরিবারের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশনায় আর্থিক অনুদান প্রদান
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিহত সানজিদার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের কাছে এই অনুদানের অর্থ হস্তান্তর করেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।অনুদান প্রদানকালে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম নিহত শিশুর বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।সানজিদার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা পরিষদ প্রশাসক বলেন,"একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক ও পাশবিক মৃত্যু পুরো সমাজকে ব্যথিত করেছে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। জেলা পরিষদের পক্ষ থেকেও যেকোনো ধরনের মানবিক সহায়তার প্রয়োজন হলে আমরা তা প্রদান করব।"তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, "শিশু সানজিদার এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বিএনপি সবসময়ই এমন অন্যায়ের বিরুদ্ধে এবং অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।"উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, "এই নিষ্ঠুর ও বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা নিহত শিশুর পরিবারের পাশে আছি এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই নৈতিক অবস্থান ও সমর্থন অব্যাহত থাকবে।" [TECHTARANGA-POST:6299]অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৫নং সয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মাকদুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়্যা কাজলসহ তারাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।