রংপুর    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা

জলবায়ু পরিবর্তনের কারণে দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চলে প্রতিবছর নদীভাঙন ও বন্যায় বহু পরিবার বসতভিটা, কৃষিজমি ও জীবিকা হারাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন জলবায়ু অর্থায়ন উদ্যোগ এসব অঞ্চলের জন্য সম্ভাবনার দ্বার খুলতে পারে।গত ৭ অক্টোবর ঢাকায় সরকার ও ইউএনডিপির মধ্যে ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ (IBFCR II) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দলিলে স্বাক্ষর করা হয়। ফ্রান্সের উন্নয়ন সংস্থা AFD-এর অর্থায়নে প্রকল্পটি ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে।এই উদ্যোগের আওতায় জলবায়ু ঝুঁকির ভিত্তিতে সরকারি অর্থ বরাদ্দ, ব্যয় পর্যবেক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়নের প্রবাহ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব চাহিদা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।সংশ্লিষ্টদের মতে, নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে দুর্যোগসহনশীল অবকাঠামো, টেকসই কৃষি, বিকল্প জীবিকা এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে প্রয়োজনভিত্তিক অর্থায়ন জরুরি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।তবে নতুন প্রকল্পে উত্তরাঞ্চলের জন্য পৃথক কোনো অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়নি। জলবায়ু অর্থায়নের সুফল প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে স্থানীয় সরকার, উন্নয়ন সংস্থা ও জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা