তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য এক যুবক আটক
রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটককৃত মুজাহিদ ওই গ্রামের মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন পাটক্ষেত থেকে শিশু সানজিদার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর করানীপাড়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।তারাগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অবলা শিশুটিকে হত্যার সাথে আটককৃত যুবকের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। [TECHTARANGA-POST:6174]হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তদন্তের গোপনীয়তা ও স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে এবং সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ মিললে পরবর্তীতে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।এদিকে মুজাহিদকে থানা হেফাজতে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ও সচেতন মহল দ্রুততম সময়ের মধ্যে সানজিদা হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।