রংপুর    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

উত্তর জনপদে শিশির-কুয়াশায় শীতের আগমনী বার্তা

হেমন্ত আসার আগেই উত্তর জনপদে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালে ঘাসের ডগা ও গাছের পাতায় জমছে শিশির। ভোরের দিকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রামীণ পথঘাট। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের ম্লান আলো জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।প্রায় দুই সপ্তাহ ধরে নীলফামারীসহ উত্তরের বিভিন্ন জেলায় ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এদিকে দিনের পরিধিও কমে আসছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা শীতে শিহরণ জাগছে শরীরে। টিনের চালে টুপটাপ করে ঝরছে শিশিরকণা।শরতের সকালের এই পরিবর্তিত আবহাওয়া মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। ঘাসের ডগা, ধানের শীষ ও গাছের পাতায় জমে থাকা শিশির সূর্যের আলোয় মুক্তাদানার মতো ঝলমল করছে। কুয়াশা আর শিশিরে গ্রামীণ প্রকৃতিতে তৈরি হয়েছে মনোরম পরিবেশ।অন্যদিকে শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আগাম আলুসহ শীতকালীন সবজি চাষে মাঠে নেমেছেন কৃষক-কৃষাণীরা। ইতোমধ্যে অনেক কৃষক ফুলকপি, মূলা, লাউশাক, বরবটি ও লালশাকসহ বিভিন্ন সবজি বাজারে তুলতে শুরু করেছেন।

উত্তর জনপদে শিশির-কুয়াশায় শীতের আগমনী বার্তা