নীলফামারীতে হাইড্রোলিক হর্ণ বিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে নীলফামারীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।বুধবার (৭ অক্টোবর) নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস ও মো. এ.কে.এম শাহ্ আরেফিন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পৃথক মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।[TECHTARANGA-POST:6846]অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির লক্ষ্যে চালকদের মধ্যে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কমাতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।