রংপুর    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
জুফাস নিউজ

জলঢাকায় শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন নিয়ে উত্তেজনা: সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জলঢাকা পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কার্যকর থাকবে।উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জলঢাকা বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একটি নতুন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পরিবহন শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ শুক্রবার সেই অফিস উদ্বোধনের কথা থাকায় সকাল থেকেই দুই পক্ষের শ্রমিকেরা লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি বেগতিক দেখে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং আইনশৃঙ্খলার চরম অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন দাখিল করেন।ওসির প্রতিবেদনের প্রেক্ষিতে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি দুপুর ২টা থেকে এই জরুরি ১৪৪ ধারা জারির আদেশ দেন।প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে (দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা) নির্দেশিত সীমানার ভেতর কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে ওই এলাকায় যেকোনো ধরনের মাইকিং, শব্দযন্ত্র ব্যবহার, সভা-সমাবেশ, মিছিল-মিটিং এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। [TECHTARANGA-POST:6310]১৪৪ ধারা জারির পর থেকেই জলঢাকা পৌর এলাকার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিক ও শ্রমিকদের শান্ত থাকার এবং জারি করা রাষ্ট্রীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জলঢাকায় শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন নিয়ে উত্তেজনা: সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি