তিস্তা সুইচগেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন: ডিমলা চাপানি বাজার ভুট্টা ব্যবসায়ীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ সুইচগেট এলাকায় ডাকাত দলের কবলে পড়ে গুরুতর জখম হয়েছেন জামিয়ার রহমান (৪০) নামে এক বিশিষ্ট ভুট্টা ব্যবসায়ী। ডাকাত দল তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় তাঁর কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। আহত জামিয়ার রহমান ডিমলা উপজেলার চাপানী বাজারের একজন সুপরিচিত ভুট্টা ব্যবসায়ী।স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী জামিয়ার রহমান। রাত ১০টার দিকে তিস্তা সুইচগেট এলাকা অতিক্রম করার সময় ওত পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত তাঁর গতিরোধ করে। জামিয়ার রহমান বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল ধারালো ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তাঁর শরীর ও হাত-পা কেটে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ডাকাতরা তাঁর সাথে থাকা ব্যবসার লক্ষাধিক টাকা লুটে নিয়ে মুহূর্তের মধ্যে অন্ধকারের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী স্থানীয় পথচারীরা তাঁকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিবার ও ছেলেকে খবর দেওয়া হলে স্বজনরা এসে তাঁকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। [TECHTARANGA-POST:6163]এদিকে তিস্তা সুইচগেট এলাকায় প্রতিনিয়ত এমন চাঞ্চল্যকর ও লোমহর্ষক ছিনতাই-ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।চাপানী বাজারের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিস্তা সুইচগেট এলাকাটি দিন দিন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। প্রায়ই এখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। আর কত মানুষ নিঃস্ব হলে, আর কত রক্ত ঝরলে এই সুইচগেটে স্থায়ী পুলিশি পাহারা বা নিরাপত্তা বাড়াবে প্রশাসন?”স্থানীয়রা অবিলম্বে এই চক্রটিকে গ্রেফতারের পাশাপাশি তিস্তা সুইচগেট এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং একটি স্থায়ী পুলিশি ফাঁড়ি বা চেকপোস্ট বসানোর জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।