বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট শিশু, ট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
[TECHTARANGA-POST:5968]পঞ্চগড়ের দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক ট্রাক্টর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেবীগঞ্জে বালিবাহী ট্রাকের চাপায় শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল ও সন্ধ্যায় এই দুর্ঘটনা দুটি ঘটে।মঙ্গলবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে বালিবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত পাপড়ি ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং সোনাপোতা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মহাসড়কের পাশে ভুট্টা শুকানোর কাজ করছিলেন পাপড়ির বাবা সেবেন্দ্রনাথ রায়। এসময় বাবাকে খুঁজতে সেখানে যায় শিশু পাপড়ি। একপর্যায়ে রাস্তা পার হতে গেলে দেবীগঞ্জগামী একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যায় শিশুটি।দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এদিকে ঘটনার আকস্মিকতায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। তারা ঘাতক ট্রাকটি আটকে সেটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,"পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"এদিকে, মঙ্গলবার বিকেলের দিকে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় ট্রাক্টর উল্টে আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার ওই ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর শ্রমিক ছিলেন। পুলিশ জানায়, বিকেলে ধারাগছ এলাকায় একটি ট্রাক্টর মোড় নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালকের সহকারী আনোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন,"দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"