কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক নির্মাণকাজে অবিলম্বে ফুটপাত রাখার জোরালো দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। নির্মাণাধীন এই মহাসড়কে ফুটপাত না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। জননিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নির্মাণের সঙ্গেই দ্রুত ফুটপাত সংযুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা।গতকাল সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধরা জানান, এই ব্যস্ত মহাসড়কটির পাশেই কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। পাশাপাশি চলাচল করেন শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীরা। অথচ দুঃখজনক বিষয় হলো, আগের সড়কটিতে ফুটপাত থাকলেও চলমান সংস্কার কাজের সময় তা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। এর ফলে প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা শিশু-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।[TECHTARANGA-POST:6941]মানববন্ধনে বক্তারা বলেন, যেকোনো সড়ক উন্নয়ন বা সংস্কার কাজের মূল লক্ষ্যই হলো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। কিন্তু ফুটপাত ছাড়া শুধু গাড়ি চলাচলের উপযোগী মহাসড়ক নির্মাণ করা হলে তা শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জন্য মরণফাঁদে রূপ নেবে। তাই যেকোনো মূল্যে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এই মহাসড়কে ফুটপাতের সংস্থান নিশ্চিত করতে হবে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন এবং ছাত্রদল নেতা মো. লিমন হোসেন প্রমুখ।এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থের এই মৌলিক দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দ্রুত নির্মাণাধীন মহাসড়কের নকশায় ফুটপাত অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান তাঁরা।