বিরল উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলনের লক্ষ্যে মতবিনিময়
দিনাজপুরের বিরল উপজেলার গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে একটি বিশেষ সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।বোর্ডহাট মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক বিধান দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিরল উপজেলার শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, লেখক, গবেষক, কলামিস্ট, শিক্ষাবিদ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। সভায় বক্তারা বিরলের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্যের সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। [TECHTARANGA-POST:6322]সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন, দিনাজপুর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক মোজাম্মেল বিশ্বাস, হাবিপ্রবির অধ্যাপক মোজাফ্ফর হোসেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান। এছাড়া আযাদ কালাম, ইরফান আলী, তারিকুজ্জামান তারেক ও এরফানুল হক মিঠুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো তথ্যের সত্যতা যাচাইয়ের মাধ্যমে বিরল উপজেলার পূর্ণাঙ্গ ইতিহাস সংকলন তৈরি করা। সভায় সংকলনের রূপরেখা প্রণয়ন এবং তথ্য সংগ্রহের বিষয়ে উপস্থিত আলোচকরা মূল্যবান মতামত প্রদান করেন।