রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেসুর রহমান (৩৫) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত মোখলেসুর রহমান কুঠিপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোখলেসুর রহমান প্রতিদিনের মতো নিজের অটোরিকশাটি বাড়িতে চার্জে দিয়েছিলেন। সন্ধ্যার দিকে চার্জারের সংযোগ (প্লাগ) খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সটকে পড়েন এবং গুরুতর আহত হন। [TECHTARANGA-POST:5995]পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মোখলেসুরের পরিবারে এখন চলছে মাতম। তরুণ এই চালকের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে স্থানীয় সচেতন মহল সবাইকে বৈদ্যুতিক সরঞ্জাম ও চার্জার ব্যবহারে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:"অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"