রংপুর    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জুফাস নিউজ

দিনাজপুর

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধে বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা: পলাতক দুই ঘাতক ছেলে

দিনাজপুরের চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে বাবা ও সৎ ভাইকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে দ্বিতীয় পক্ষের দুই ছেলের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন—চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের দুলু মিয়া (৭০) এবং তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। হামলায় গুরুতর আহত হয়েছেন অপর ভাই হাবিল হোসেন (৩০)। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোরে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব ধারালো ছুরি নিয়ে দুলু মিয়ার শয়নকক্ষে প্রবেশ করে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সাদিকুল ও শাকিব তাদের বৃদ্ধ বাবার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলু মিয়া।বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিল বাঁচাতে এগিয়ে এলে ঘাতকরা তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে কাবিল হোসেন গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,"সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।"ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই সাদিকুল ও শাকিব পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধে বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা: পলাতক দুই ঘাতক ছেলে