ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ও সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ খোরশেদ আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্যাসিনো পরিচালনা এবং সাইবারভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।[TECHTARANGA-POST:6522]জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধ দমনেও তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।