আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের অন্যতম সংগঠক ময়নুল হক বলেন, ‘ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে ঘিরে আলাদা এক আবেগ কাজ করে।
বিশ্বের অন্যতম গোছানো ও শৈল্পিক ফুটবল খেলা দল আর্জেন্টিনা। আমরা নানা আয়োজনের মাধ্যমে আমাদের প্রিয় দলকে উৎসাহ দিতে চাই। একই সঙ্গে রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের শক্তিশালী অবস্থানও তুলে ধরতে চাই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে দলটি ধারাবাহিকভাবে ভালো করছে।
বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্ব ও অনুপ্রেরণায় দলটির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা বিশ্বাস করি, এবারও আর্জেন্টিনা শিরোপা জয়ের অন্যতম দাবিদার।’
আর্জেন্টিনা সমর্থক এম এম কাদের বলেন, ‘আজকের আয়োজনের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। প্রিয় দলের সমর্থনে বন্ধুদের নিয়ে র্যালিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। বিশ্বকাপের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করাই আমাদের উদ্দেশ্য।’
আর্জেন্টিনা সমর্থক রিয়াজুজ্জামান হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই আমরা দলকে সমর্থন জানাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিই। এমন আয়োজন আমাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে।’
সমর্থক জায়নাল আবেদীন বলেন, ‘আমি আর্জেন্টিনা দলের খেলা দেখতে পছন্দ করি। তাদের ফুটবলের ধরন আমার ভালো লাগে। তাই মন থেকে দলটিকে সমর্থন করি। র্যালিতে অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি।’
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, ‘বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। আমাদের প্রিয় দল আর্জেন্টিনা এবারও বিশ্বকাপে অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি, দলটি ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে শক্ত অবস্থানে থাকবে। দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের র্যালি ও শোভাযাত্রার অংশ হিসেবেই রংপুরে এ আয়োজন করা হয়েছে।’তিনি বলেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। আমরা চাই খেলাকে কেন্দ্র করে সবাই আনন্দ করবে এবং সুস্থ বিনোদনের পরিবেশ বজায় থাকবে।’
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সভাপতি এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ‘আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। আমরা কোনো দেশের রাজনীতি বা অন্য কিছু নয়, শুধুমাত্র একটি ফুটবল দলকে সমর্থন করি। সেই ভালোবাসা থেকেই আজকের এই বর্ণাঢ্য র্যালি ও আনন্দ-উল্লাসের আয়োজন।’
তিনি আরো বলেন, ‘আমরা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির ভক্ত হলেও অন্য কোনো দলের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা চাই সবাই মিলে বিশ্বকাপ উপভোগ করুক। ফুটবল অনিশ্চয়তার খেলা, তবে আমাদের বিশ্বাস আর্জেন্টিনা এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হবে।’
র্যালি ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও সাধারণ মানুষও কিছু সময়ের জন্য দাঁড়িয়ে আনন্দ উপভোগ করেন। বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের এই বর্ণাঢ্য আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সমর্থকদের প্রত্যাশা, মাঠের খেলায়ও তাদের প্রিয় দল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের মঞ্চে আবারও সেরা হওয়ার গৌরব অর্জন করবে।

আপনার মতামত লিখুন