ঘড়ির কাঁটায় তখনো ভোর হয়নি। চারদিক নিস্তব্ধ, জনপদ গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই অন্ধকারেই নীরবে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়েন একজন মানুষ। তাঁর গন্তব্য পাশের শহর সৈয়দপুর। সেখান থেকে দিনের তাজা খবরের কাগজ সংগ্রহ করে ফিরে আসেন নিজ এলাকা রংপুরের তারাগঞ্জে। এরপর সূর্য ওঠা থেকে শুরু করে দিনভর উপজেলার হাটবাজার, অফিস আর পাড়া-মহল্লার মানুষের হাতে পৌঁছে দেন দেশ-বিদেশের সব খবর।
সবার হাতে প্রতিদিন নতুন নতুন খবর পৌঁছে দেওয়া এই মানুষটির নাম ডালিম মহন্ত। তারাগঞ্জ উপজেলার পূর্ব কুর্শা গ্রামের এই বাসিন্দা দীর্ঘ ২৫ বছর ধরে এভাবেই পত্রিকা বিক্রি করে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ।
২০০০ সালে যখন তাঁর বয়স মাত্র ২০ বছর, তখন জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছিলেন খবরের কাগজ। শুরুর দিকে একটি পুরোনো সাইকেলে চেপে প্রতিদিন মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে সৈয়দপুর থেকে পত্রিকা আনতেন। সময়ের প্রয়োজনে কাজের গতি বাড়াতে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনেছেন ঠিকই, কিন্তু আড়াই দশকের ব্যবধানে বাহন বদলালেও বদলায়নি তাঁর টানাপোড়েনের সংসার।
মোটরসাইকেলের কিস্তি আর জ্বালানি তেলের খরচ মেটানোর পর দিনশেষে ডালিমের পকেটে থাকে মাত্র ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে এই সামান্য আয়ে সংসারের চাকা সচল রাখাটাই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। তবু থেমে থাকার সুযোগ নেই; কারণ উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছেলে এবং প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ের পড়াশোনার খরচ ও ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তাঁর কাঁধেই।
সন্তানদের মানুষ করার পাশাপাশি ডালিম মহন্তের মনের কোণে লুকিয়ে আছে নিজের একটি ছোট্ট স্বপ্ন। তারাগঞ্জে পত্রিকার এজেন্ট হিসেবে নিজস্ব একটি দোকান দিতে চান তিনি। একটি স্থায়ী দোকান হলে পত্রিকা বিতরণের কাজটি আরও গুছিয়ে করার পাশাপাশি আয়ের পথটাও কিছুটা প্রশস্ত হতো। কিন্তু সংসারের নিত্যদিনের খরচ মিটিয়ে সেই স্বপ্নের পুঁজি জমানো যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে।
দীর্ঘ এই পথচলার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ডালিম মহন্ত বলেন, “শুরুর দিকে প্রতিদিন সাইকেল চালিয়ে সৈয়দপুর থেকে পত্রিকা আনতে গিয়ে পা ফুলে যেত, তবু থামিনি। আমার একটাই স্বপ্ন, ছেলে-মেয়ে দুটিকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করব। আর তারাগঞ্জে নিজের একটি পত্রিকার দোকান দেব। কিন্তু সংসার আর কিস্তি সামলে দোকান দেওয়ার মতো টাকা আর জমানো হয়ে ওঠে না।”
বয়স বাড়ছে, বাড়ছে সংসারের চাহিদাও। তবু হার মানেননি ডালিম মহন্ত। সন্তানদের মুখে হাসি ফোটাতে আর নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের আশায় প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই নতুন উদ্যমে রাজপথে নেমে পড়েন এই সংগ্রামী মানুষটি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন