পোড়ামাটির দৃষ্টিনন্দন কারুকাজ আর অনন্য স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণ এখন লোকে লোকারণ্য। রাজবংশের প্রাচীন প্রথা মেনে টানা ২৭৪ বছর ধরে চলে আসা মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ঘিরে সেখানে তৈরি হয়েছে এক অভাবনীয় মিলনমেলা। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আরাধনায় মেতে উঠতে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে ছুটে এসেছেন লাখো ভক্ত, পুণ্যার্থী ও পর্যটক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। উদ্বোধনের পর থেকেই ঢাক-ঢোল, কীর্তন আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে কান্তনগর মন্দির ও এর আশপাশের এলাকা। এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী-কান্তজিউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে নিয়ে আসা হয়।
ইতিহাস বলছে, ১৭৫২ সালে মহারাজা প্রাণনাথের আমলে মন্দিরটির নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই রাজবংশের রীতি অনুসারে প্রতি বছর এই রাস উৎসব পালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এটি এখন উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। উৎসবে যোগ দেওয়া পুণ্যার্থী রীতা রানী নিজের অনুভূতি জানিয়ে বলেন, “প্রতি বছর রাসমেলার সময় কান্তজিউ মন্দিরে আসার চেষ্টা করি। ভক্তদের বিশ্বাস, এখানে এসে ভগবানের কাছে প্রার্থনা বা মানত করলে মনের আশা পূরণ হয়। এবারও পরিবারসহ এসেছি সবার মঙ্গল কামনায়।”
মাসব্যাপী এই বিশাল জনসমাগমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি ও প্রশাসন। দিনাজপুর রাজদেবোত্তর স্টেটের এজেন্ট রণজিৎ সিং জানান, “২৭৪ বছরের ঐতিহ্য ধরে রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে উৎসব চলছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তায় ৮০ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও কাজ করছে, যাতে সবাই নির্বিঘ্নে পূজা-অর্চনা ও মেলা দর্শন করতে পারেন।”
ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রাচীন ইতিহাস আর গ্রামীণ মেলার চিরায়ত আনন্দে আগামী এক মাস মুখর থাকবে ঐতিহাসিক কান্তনগর প্রাঙ্গণ।
বিষয় : দিনাজপুরের খবর কান্তজিউ মন্দির

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন